ঝালকাঠিতে ১ ও ২ আসনে জামায়াতের নির্বাচনী অফিস ও সমর্থকদের দোকানে অগ্নিসংযোগ
সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস ও একজন সমর্থকের গোডাউনে গভীর রাতে সন্ত্রাসীরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
রিপোর্ট : ইমাম বিমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ঝালকাঠি ১ ও ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় ও সমর্থকদের দোকানে পৃথক দুটি অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোররাতে ঝালকাঠি ১ আসনের রাজাপুর ও ঝালকাঠি ২ আসনের ঝালকাঠি সদর উপজেলায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয় স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে ঝালকাঠি ১ আসনের রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয় ও একই স্থানে থাকা এক জামায়াত সমর্থকের গোডাউনে আগুন দেখতে পায়। কাঠের তৈরি ওই ঘরে একই সঙ্গে নির্বাচনী কার্যালয় ও গোডাউন পরিচালিত হতো। আগুনে ঘরটি সম্পূর্ণ ভূমি ভুত হয়ে যায়।
এ বিষয় রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, ভোর ৫টা ১৪ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। একই সাথে আশপাশের স্থাপনাগুলো আগুনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে কাঠের ঘর হওয়ায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে যায়। তবে
ঘটনার খবর পেয়ে সকালে ঝালকাঠি-১ আসনের জামায়াতের প্রার্থী, পুলিশ এবং দলটির স্থানীয় নেতা-কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝালকাঠি-১ আসনের ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী ডা. ফয়জুল হক জানান, সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস ও একজন সমর্থকের গোডাউনে গভীর রাতে সন্ত্রাসীরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
কয়েক দিন আগে আমার এক কর্মীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে এবং আমার বোনদের দাওয়াতি কাজে বাধা দিয়ে অপমান-অপদস্থ করা হয়েছে। নির্বাচনকে এত ভয় কেন ? প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরো বলেন, ভোট জনগণের অধিকার, জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন। অফিস পুড়িয়ে দিয়ে কি জনগণের রায় পরিবর্তন করা যাবে ? নির্বাচনের আগেই সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর বিজয় কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ।
এ বিষয় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে, একই দিন রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বেশাইনখানের নতুনহাট এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থক মো. আনিছ মোল্লা (৫০), আজিজ মোল্লা (৫৫), উভয়ের দুটি দোকান পুড়ে যায়।
এ বিষয় জেলা জামায়াতের সূত্রে জানাযায়, আগুনের খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই দোকানগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
দৈনিক ক্রাইম ডায়রি/জেলা










