নারায়ণগঞ্জে অবৈধ মশার কয়েল উৎপাদন, দুই প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অভিযান; জরিমানা ২ লাখ টাকা
নারায়ণগঞ্জ প্রতিনিধি: পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলার মিজমিজি এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান প্রয়োগ করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, প্রথমে মিজমিজি এলাকার মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান সালেহা ট্রেডিংয়ে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের প্রয়োজনীয় মানসনদ ও পণ্য মোড়কজাত সনদ গ্রহণ না করেই মশার কয়েল প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করছিল।
এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, একই এলাকার আর জে প্রোডাক্টস নামের প্রস্তুতকারক ও মোড়কজাতকারী প্রতিষ্ঠান এবং ইশিকা এন্টারপ্রাইজ নামের বাজারজাতকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে পণ্য মোড়কজাত সনদ না থাকার বিষয়টি পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন। বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাত। এ সময় পরিদর্শক (মেট) মো. শাহজাহান এবং পরিদর্শক (মেট) মো. আরিফ হোসেন আসিফ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে পণ্যের গুণগত মান নিশ্চিত করা, মানসনদ ও মোড়কজাত সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত বন্ধ করা এবং ওজন ও পরিমাপের ক্ষেত্রে অনিয়ম ও কারচুপি প্রতিরোধে বিএসটিআই নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে মশার কয়েলের মতো নিত্যব্যবহার্য পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে প্রযোজ্য মান ও আইন অনুসরণ করা জরুরি।
কারণ, পণ্যের মান, উপাদান, মোড়ক ও সঠিক পরিমাপ সম্পর্কে স্বচ্ছতা না থাকলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ওজন ও পরিমাপসংক্রান্ত অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা//অভিযান










