হোটেলকর্মী থেকে ‘ক্যাসিনো সিন্ডিকেট’—মাদারীপুরের এক ব্যক্তিকে ঘিরে নানা অভিযোগ

জুয়া ও অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার দাবি; তদন্ত চায় স্থানীয়রা

হোটেলকর্মী থেকে ‘ক্যাসিনো সিন্ডিকেট’—মাদারীপুরের এক ব্যক্তিকে ঘিরে নানা অভিযোগ
ছবি- অনলাইন হতে সংগৃহীত

মুন্সী মো: আল ইমরান:
মাদারীপুরের শিবচর উপজেলার এক ব্যক্তিকে ঘিরে অবৈধ জুয়া ও ক্যাসিনো ব্যবসার বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত দাবি করা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, একসময় রাজধানীর একটি আবাসিক হোটেলে কর্মচারী হিসেবে কাজ করা ওই ব্যক্তি বর্তমানে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তবে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর উপজেলার চান্দেরচর এলাকার বাসিন্দা সোহেল রানা (ছদ্মনাম) একসময় পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে ছিলেন। পরিবারের সদস্যরা নদীপথে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরে তিনি ঢাকায় এসে বিভিন্ন পেশায় কাজ করার পর একটি হোটেলে চাকরি নেন।

অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচয়ের মাধ্যমে তিনি জুয়া ও ক্যাসিনো সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অভিযোগকারীদের দাবি, রাজধানীর কয়েকটি আবাসিক হোটেল ও গোপন আসরে নিয়মিত জুয়ার আসর পরিচালনা করা হতো। সেখানে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশ নিতে উৎসাহিত করা হতো।

ভুক্তভোগী দাবি করা কয়েকজনের ভাষ্য, জুয়ার আসরে অংশ নিয়ে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ কেউ সর্বস্ব হারিয়ে পরিবার নিয়ে বিপর্যয়ের মুখে পড়েছেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো সরকারি নথি পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী চক্র প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে অবৈধ জুয়া ও ক্যাসিনো কার্যক্রমের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে অবৈধ অর্থের উৎস, সম্পদের হিসাব এবং সম্ভাব্য ভুক্তভোগীদের অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

দৈনিক ক্রাইম ডায়রি// ক্রাইম