ডিসেম্বরের অপেক্ষায় প্রশাসন? সচিবদের কাছে সরাসরি প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের মধ্যে প্রশাসনিক কাজে ধীরগতি নিয়ে উদ্বেগ, দ্রুত সিদ্ধান্ত ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ
আবু তাহের বাপ্পা:
শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা প্রশাসনের ভেতরেও কোনো ধরনের অপেক্ষার মনোভাব তৈরি করেছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রশাসনের কোনো কর্মকর্তা বা মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকিয়ে সরকারি কাজে ধীরগতি অনুসরণ করছেন কি না, তা জানতে চেয়ে তিনি সচিবদের কাছ থেকে ব্যাখ্যা চান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সচিব সভায় প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানো, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা পরিহার এবং মন্ত্রণালয়গুলোর কাজের অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জরুরি এ সভা আহ্বান করা হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলা বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব প্রশাসনের সার্বিক কর্মতৎপরতা পর্যালোচনা করেন। এ সময় তিনি জানতে চান, প্রশাসনের কোনো পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব পালনে অনীহা কিংবা ডিসেম্বরের রাজনৈতিক পরিস্থিতির জন্য অপেক্ষা করার প্রবণতা তৈরি হয়েছে কি না।
তিনি স্পষ্টভাবে জানান, সরকারি দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়। মন্ত্রণালয় ও বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর জন্য প্রস্তুত করা বিভিন্ন প্রস্তাব, নীতিগত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সারসংক্ষেপ দ্রুত পাঠানোর নির্দেশনাও দেন তিনি। সভায় চলমান শ্রমিক আন্দোলন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ, উন্নয়ন পরিকল্পনা ও অর্জনের তথ্য জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়।
সভায় অংশ নেওয়া একজন সচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে বৈঠকে আলোচনা হয়েছে। তবে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনের তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বলা হয়েছে।
রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সরকারের কার্যক্রম সচল রাখা এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনে ডিসেম্বর প্রসঙ্গটি সামনে আসার পেছনে রয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে অবস্থান করছেন। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।
তাঁর এ বক্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। এরই মধ্যে গত ৯ নভেম্বর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তাঁর আইনজীবীদের পক্ষ থেকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনসংক্রান্ত চিঠি দেওয়ার খবর প্রকাশিত হলে বিষয়টি আরও আলোচনায় আসে। তবে এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রশ্ন নেই।
তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিচারিক ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। তিনি বলেন, একজন দণ্ডিত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না; এ ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পাসপোর্ট ও এনআইডির জন্য করা আবেদনসংক্রান্ত বিষয়টির সত্যতা এবং আইনগত ভিত্তি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যাচাই করছে।
দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর কথাও তিনি উল্লেখ করেছেন। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক আলোচনা যখন নতুন মাত্রা পেয়েছে, তখন প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা যাতে তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সরকারের নির্দেশনা অনুযায়ী, রাজনৈতিক পরিস্থিতি যা-ই হোক, সরকারি দপ্তরগুলোর নিয়মিত কার্যক্রম, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জনসেবা প্রদানে গতি বজায় রাখাই এখন প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










