সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে স্বর্ণের মূল্য
আশিকুর রহমান মাহী:
স্বল্প সময়ের এক দফা সংশোধনের পর আন্তর্জাতিক বাজারে আবারও বড় উল্লম্ফন ঘটেছে স্বর্ণের দামে। সর্বশেষ এই ঊর্ধ্বগতিতে আগের সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে স্বর্ণের মূল্য। একই সঙ্গে রুপার দামও নতুন সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে।
বিশ্ববাজারে এই অস্থিরতার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও বাণিজ্যসংক্রান্ত উত্তেজনা। ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ে, যার প্রভাব পড়ে মূল্যবান ধাতুর বাজারে।
সোমবার (১৯ জানুয়ারি) মার্কিন স্পট মার্কেটে লেনদেন চলাকালে একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৯০ দশমিক ৫৯ ডলারে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। একই সময়ে রুপার দামও লাফিয়ে উঠে আউন্সপ্রতি ৯৪ দশমিক ১২ ডলারে পৌঁছায়—এটিও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের আওতায় নেওয়ার পরিকল্পনার বিরোধিতা করায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি জানান, এসব দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।
এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প আরও হুঁশিয়ারি দেন—গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সম্মতি না পাওয়া পর্যন্ত ইউরোপীয় মিত্রদের ওপর শুল্কের মাত্রা ধাপে ধাপে বাড়ানো হবে।
এই ধরনের বাণিজ্যিক উত্তেজনা ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ এড়িয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রুপার দিকে ঝুঁকছেন। এশিয়ার বাজারেও দিনের শুরুতেই সেই প্রবণতা স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে।
বিশ্লেষকদের মতে, শুল্ক যুদ্ধ ও সম্ভাব্য বৈশ্বিক বাণিজ্য সংকটের আশঙ্কা বাড়ায় নিরাপদ আশ্রয় হিসেবে মূল্যবান ধাতুর চাহিদা দ্রুত বাড়ছে, যা দামের এই রেকর্ড বৃদ্ধির প্রধান কারণ।
এদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাব দেশের বাজারেও ইতোমধ্যে স্পষ্ট। গত ১৫ জানুয়ারি থেকে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ দামে। বর্তমানে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
রুপার বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৪৯ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৭৪ টাকায়।
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে সাম্প্রতিক এই উল্লম্ফনের প্রভাব দেশের বাজারে আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে খুব শিগগিরই বাংলাদেশেও মূল্যবান ধাতুর দামে নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
দৈনিক ক্রাইম ডায়রি// অর্থনীতি










