এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর থেকেই পরীক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
এবারের ফলাফলে বিভিন্ন শিক্ষা বোর্ডে পাসের হারে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। এছাড়া রাজশাহী বোর্ডে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ এবং বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের জন্য পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। ফল পাওয়া যাবে eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে।
এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
এসএমএসে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পরীক্ষার বছর>
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
ঢাকা বোর্ডের ক্ষেত্রে উদাহরণ হিসেবে লিখতে হবে SSC DHA ROLL YEAR। দাখিল পরীক্ষার্থীদের জন্য SSC MAD ROLL YEAR এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের SSC TEC ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য প্রযোজ্য চার্জ ১ টাকা ৩৯ পয়সা, যার মধ্যে ভ্যাটসহ অন্যান্য কর অন্তর্ভুক্ত রয়েছে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন।
এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।
ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণের সুযোগ রাখা হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ অপশনে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে শিক্ষার্থীদের ফলাফল ডাউনলোড করতে পারবে।
অন্যদিকে পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট, সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানার সুযোগ রয়েছে।
এদিন একই সঙ্গে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










