মোবাইল আসক্তি দূর করতে সন্তানদের খেলার মাঠে আনার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | ঢাকা: শিশুদের মোবাইল ও স্ক্রিন আসক্তি থেকে বের করে এনে একটি মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে '২য় জুনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপ'-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, "আমাদের একদম ছোটবেলা থেকেই কোমলমতি সন্তানদের মাঠমুখী ও ক্রীড়াচর্চার সাথে যুক্ত করতে হবে। দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এই কারাতে প্রতিযোগিতায় দেশের ৭৯টি দলের মোট ১,৩০২ জন সম্ভাবনাময় খুদে খেলোয়াড় অংশ নিচ্ছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।"
প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলার প্রতি এ দেশের শিশুদের প্রবল আগ্রহ ও আন্তরিকতা থাকলেও উপযুক্ত খেলার পরিবেশ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। প্রতিটি পরিবারে এবং স্থানীয় পর্যায়ে যদি শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর খেলার পরিবেশ নিশ্চিত করা যায়, তবে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেবে। এতে শিশুরা ক্ষতিকর মোবাইল আসক্তি থেকে দূরে থেকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সুন্দর জীবন গঠনের সুযোগ পাবে।
কারাতের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, কারাতে কেবল একটি সাধারণ খেলাই নয়; এটি আত্মরক্ষা শেখানোর পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ায় এবং শৃঙ্খলাবোধ জাগ্রত করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি প্রকৌশলী আব্দুস সূবহান এবং সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে দেশব্যাপী এ ধরনের তৃণমূল প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










