জামিনে থাকা সন্ত্রাসীরা কড়া নজরদারিতে, টিটন হত্যা রহস্য উদঘাটনে মাঠে র‍্যাব

জামিনে থাকা সন্ত্রাসীরা কড়া নজরদারিতে, টিটন হত্যা রহস্য উদঘাটনে মাঠে র‍্যাব
ছবি- অনলাইন হতে সংগৃহীত

স্টাফ রিপোর্টারঃ

জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নিবিড় গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার সকালে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

র‍্যাব জানায়, দেশের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্প্রতি আলোচিত টিটন হত্যা মামলার ঘটনাকে কেন্দ্র করে একটি ছায়া তদন্তও চলছে।

সংবাদ সম্মেলনে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর ব্যস্ত এলাকা নিউমার্কেটে সংঘটিত হত্যাকাণ্ডের পর থেকেই অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে গুরুত্ব দেওয়া হচ্ছে।

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, সাম্প্রতিক সময়ে কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর জামিনে মুক্তি পাওয়ার পর জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেটি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। শুধু টিটন হত্যার আসামিরাই নয়, বরং জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়ানোর আশঙ্কা রয়েছে—এমন সকলকেই নজরদারির আওতায় আনা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানায় র‍্যাব। সংস্থাটি জানিয়েছে, যে কোনো অপরাধী—তার পরিচয় বা অবস্থান যাই হোক না কেন—আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর।

দৈনিক ক্রাইম ডায়রি / আইনশৃঙ্খলা