শিক্ষা সফর থেকে নিখোঁজের পর নিঝুম দ্বীপে উদ্ধার শিক্ষার্থী পূজা, প্রেমের টানেই দূরযাত্রা

শিক্ষা সফর থেকে নিখোঁজের পর নিঝুম দ্বীপে উদ্ধার শিক্ষার্থী পূজা, প্রেমের টানেই দূরযাত্রা
ছবি- অনলাইন হতে সংগৃহীত

হোসেন মিন্টু, চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া দশম শ্রেণির শিক্ষার্থী পূজা রাণী দাসের অবস্থান পাওয়া গেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে। সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা এক প্রেমের সম্পর্কের সূত্র ধরেই তিনি সেখানে পৌঁছান বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে নিঝুম দ্বীপ ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পূজা রাণী দাস মিরসরাই উপজেলার আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং পূর্ব মায়নী এলাকার বাসিন্দা অপু দাসের কন্যা।

পুলিশ সূত্র জানায়, গত ২ ফেব্রুয়ারি বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে কক্সবাজারে শিক্ষা সফরে অংশ নেন পূজা। সফর চলাকালীন একপর্যায়ে তার খোঁজ না পাওয়া গেলে পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

তদন্তে উঠে আসে, মিরসরাই উপজেলার বাসিন্দা মিলনের ছেলে জিহাদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজার পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় ঘনিষ্ঠ সম্পর্কে রূপ নেয়। ওই সম্পর্কের প্রভাবে শিক্ষা সফরের সুযোগ নিয়ে পূজা কক্সবাজার থেকে জিহাদের সঙ্গে নিঝুম দ্বীপে যান এবং সেখানে তার বাড়িতে অবস্থান করছিলেন।

নিঝুম দ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুমন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, উদ্ধার হওয়া শিক্ষার্থী বর্তমানে থানার হেফাজতে রয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিভাবকরা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক ক্রাইম ডায়রি// আইন শৃংখলা