আড়াইহাজারে সড়ক দখল করে নির্বাচনি মঞ্চ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপসারণ

আড়াইহাজারে সড়ক দখল করে নির্বাচনি মঞ্চ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপসারণ
ছবি- অনলাইন হতে সংগৃহীত

নারায়নগঞ্জ সংবাদদাতা:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়কের ওপর স্থাপিত একটি নির্বাচনি প্রচারণার মঞ্চ সরিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘন ও অবৈধ পার্কিংয়ের অভিযোগে দুই ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত আড়াইহাজার পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরসভার চালপট্টি বাজার এলাকায় সড়কের ওপর বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের নির্বাচনি প্রচারণার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। নিয়মিত টহলের সময় মঞ্চটি নজরে এলে আয়োজকদের কাছে অনুমোদনপত্র চাওয়া হয়। তারা কোনো ধরনের অনুমোদন দেখাতে না পারায় মঞ্চটি অপসারণের নির্দেশ দেওয়া হয়। পরে আয়োজকরাই স্বেচ্ছায় মঞ্চসহ অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেয়।

এদিকে পায়রা চত্বরে সড়ক বিভাজনে পিবিসি ব্যানার টানিয়ে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে আড়াইহাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পপুলার হাসপাতালের সামনে সড়কে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করার অপরাধে মো. মামুন মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ খান বলেন, পৌরসভা বাজার এলাকার সড়কে দীর্ঘদিন ধরে অবৈধ হকার ও যানবাহন পার্কিংয়ের কারণে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এতে জরুরি সেবাসহ সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ক্রাইম ডায়রি// জেলা