তলবের পর মুন্সীর বক্তব্য: বহিষ্কার হলেও বিএনপির পক্ষেই থাকব
সাহিদুজ্জামান চৌধুরী:
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির তলবে আদালতে হাজির হয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তিনি কুমিল্লা আদালতে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দেন।
আইনজীবীদের মাধ্যমে লিখিত ও মৌখিক বক্তব্য উপস্থাপন করে মুন্সী দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। কমিটির পক্ষ থেকে তার কাছে ওই ভিডিওর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন বলে জানান।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও তিনি বিএনপির আদর্শ থেকে সরে যাচ্ছেন না। তার ভাষ্য, “বহিষ্কার করা হলেও আমৃত্যু বিএনপির পক্ষেই কাজ করে যাব।” তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে ‘ট্রাক’ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ চালিয়ে যাবেন।
এর আগে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তার বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ এনে বিষয়টি বিচারিক কমিটির কাছে লিখিতভাবে উপস্থাপন করেন। অভিযোগের ভিত্তিতে জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানিয়েছেন, অভিযোগটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের শামিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু ভোটগ্রহণে বাধা সৃষ্টি হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ভোটারদের উদ্দেশে দেওয়া একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয় সিদ্ধান্তে মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন মুন্সী। তবে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হয় এবং পরবর্তীতে আদালতের আদেশে তা বাতিল হয়ে যায়।
দৈনিক ক্রাইম ডা্য়রি// জেলা-রাজনীতি










