সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলার হুমকি, ক্ষোভ ও উদ্বেগ সাংবাদিক মহলে

রায়গঞ্জের সাংবাদিক সাইদুল ইসলাম আবিরের নিরাপত্তা নিশ্চিতের দাবি; স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ প্রয়োগের অভিযোগে তীব্র প্রতিবাদ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলার হুমকি, ক্ষোভ ও উদ্বেগ সাংবাদিক মহলে
ছবি- দৈনিক ক্রাইম ডায়রি

স ম  আব্দুস সাত্তার, রায়গঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুল ইসলাম আবিরকে একটি সংবাদ প্রকাশের জেরে মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি স্থানীয় সাংবাদিক সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাংবাদিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ প্রয়োগের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করে উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা যায়, সম্প্রতি একটি হুইলচেয়ার আবেদনসংক্রান্ত বিষয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট একটি পক্ষ সাংবাদিক সাইদুল ইসলাম আবিরের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে কোনো সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি কিংবা মামলার হুমকি প্রদান গণমাধ্যমের স্বাধীনতা এবং সংবিধানস্বীকৃত মতপ্রকাশের অধিকারের পরিপন্থী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে চাপের মুখে ফেলা বা আইনি ভয় দেখানোর প্রবণতা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অশনিসংকেত। সাংবাদিকরা জনস্বার্থে তথ্য সংগ্রহ ও প্রকাশের দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব পালনের পথে বাধা সৃষ্টি করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাংবাদিকদের নিরুৎসাহিত করার চেষ্টা করে, তবে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাহিদুল হাসান সরকার এক বিবৃতিতে সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সাংবাদিক নেতারা মনে করেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে হলে গণমাধ্যমকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। সত্য ও জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশের পথ রুদ্ধ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে বলেও তারা উল্লেখ করেন।

সাংবাদিক মহলের দাবি, মতপ্রকাশের স্বাধীনতা এবং পেশাগত দায়িত্ব পালনের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে গণতান্ত্রিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে এবং জনগণের তথ্য জানার অধিকার সুরক্ষিত থাকবে।

দৈনিক ক্রাইম ডায়রি// জেলা