সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: গোলাম মোহাম্মদ সিরাজ

সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন: গোলাম মোহাম্মদ সিরাজ
ছবি- অনলাইন হতে সংগৃহীত

শরীফা আক্তার স্বর্না:

ঋনখেলাপী ইস্যু নিয়ে অস্বস্থিকর পরিস্থিতিতে বেশ কয়েক রাজনীতিবিদ। এর মধ্যে বগুড়া -৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ বলেছেন, তার আয়-ব্যয়ের সব তথ্য প্রকাশ্য এবং তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (৬ (ফেব্রুয়ারি)) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়ীয়া দারুল উলুম রহমানিয়া কবরস্থান হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে খানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মোঃ সিরাজ বলেন, “আমরা নির্বাচন কমিশন, নির্বাহী বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর ওপর আস্থা রাখি। সবাই মিলে শান্তিপূর্ণভাবে ভোটে অংশ নেবো।”

তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঋণখেলাপির অপপ্রচারের প্রসঙ্গে তিনি বলেন, “ফেসবুকে অপপ্রচার চলছে, কিন্তু মানুষ সত্য জানে। বেশিরভাগ মন্তব্যই আমার পক্ষে যায়। সিরাজ ফোটকাবাজি করে না, ধান্দাবাজ নয়।”

প্রতিপক্ষ প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, “আমাকে ডিসকোয়ালিফাইড করে অটো পাস নেওয়ার চেষ্টা করলে সেটা সফল হবে না। আমি প্রায় ছয় থেকে সাত হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। প্রায় ১৮টি প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কাজ করে।”

তিনি আরও বলেন, “আমি হালাল উপার্জনের মানুষ। সরকারকে নিয়মিত সর্বোচ্চ কর দেই বলেই ধনীদের তালিকায় আমার নাম এসেছে। আমার আয়-ব্যয় গোপন নয়, সব প্রকাশ্য।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।

এতে সভাপতিত্ব করেন খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তবিবুর রহমান। বক্তব্য রাখেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনসান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউসার আলী কলিংস, খানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল, সাইদুল ইসলাম সাঈদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দৈনিক ক্রাইম ডায়রি// জেলা//সুত্র: সাপ্তাহিক আজকের শেরপুর