রামপালে স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ পানি-স্যানিটেশন কার্যক্রম জোরদারে ওয়ার্ল্ড ভিশনের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে স্বাস্থ্য, পুষ্টি ও পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (ওয়াশ) কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের উদ্যোগে সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট বাইয়ান রেদোয়না কবির ও প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী কর্মসূচি পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, প্রোগ্রাম অফিসার পার্থ সারথি দোবে প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ফুলি সরকার বলেন, রামপাল এডিপির উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের সহায়তাকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ, তাঁরাই সরাসরি মানুষের কাছে পৌঁছান, স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব সমস্যা, চাহিদা, হাসি-কান্না ও জীবনযাপনের অভিজ্ঞতা কাছ থেকে দেখার সুযোগ পান। মাঠপর্যায়ের কর্মীদের দেওয়া তথ্য ও প্রতিবেদনকে ভিত্তি করেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং কার্যক্রমের পরবর্তী অগ্রগতি নির্ধারণ করা হয়। তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রত্যেককে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিতে হবে। পাশাপাশি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে। কোনো উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও স্পষ্ট ধারণা থাকা জরুরি। এ প্রশিক্ষণের মাধ্যমে সহায়তাকারীরা তাঁদের দায়িত্ব, কাজের পদ্ধতি, মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা এবং প্রতিবেদন তৈরির বিষয়ে প্রয়োজনীয় ধারণা লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ কার্যক্রমের মূল লক্ষ্য হলো স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পুষ্টি বিষয়ে সঠিক ধারণা ছড়িয়ে দেওয়া এবং নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করা। এসব কার্যক্রম মাঠপর্যায়ে সঠিকভাবে বাস্তবায়িত হলে শিশু ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের ২০২৭ অর্থবছরের স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ কার্যক্রমের আওতায় মোট ৪২ জন সহায়তাকারী এ মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দায়িত্ব ও কর্তব্য, কর্মপরিকল্পনা, মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সহায়তাকারীরা নিজ নিজ কর্ম এলাকায় আরও দক্ষতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ পানি-স্যানিটেশন পরিস্থিতির উন্নয়নে কার্যকর অবদান রাখবেন।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা










