আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এবং সমবায় অধিদপ্তর

আমিনুল ইসলাম

আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এবং সমবায় অধিদপ্তর

আজ ৮ মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। আমরা আজ সমবায় অধিদপ্তরে কর্মরত ১২০ জনেরও বেশি মহিলা সহকর্মীকে ফুল দিয়ে সম্মান জানিয়েছি। তাঁদের মিষ্টিমুখ করিয়েছি।  তাঁদের সাথে নিয়ে কেক কেটেছি। 

আমরা সকল স্তরের মহিলা সহকর্মীর বক্তব্য শুনেছি। আমরা পুরুষ সহকর্মীরাও আমাদের মতামত প্রকাশ করেছি। 

দেশে নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নারীভাবনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ঘটতে থাকা নারীর ব্যাপক ক্ষমতায়ন নিয়ে একাধিক সহকর্মী তথ্যসমদ্ধ এবং উচ্ছ্বসিত বক্তব্য রেখেছেন। 

সমবায় নারীর ক্ষমতায়নে যে উল্লেখ্যোগ্য ভূমিকা রেখে চলেছে, তা নিয়ে মত বিনিময় হয়েছে। আরও বেশি সংখ্যক মহিলা সমবায় সমিতি গড়ে তোলার পক্ষে আলোচনা হয়েছে। 

অফিস প্রাঙ্গণকে কিভাবে আরও বেশি  নারীবান্ধব করে গড়ে তোলা যায়, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। 

"জাগো নারী জাগো বহ্নিশিখা "--- সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত গান সবার কণ্ঠে  গীত হতে হতে অনুষ্ঠানের মধুর সমাপ্তি ঘটেছে। 

আমরা আশাবাদী,  সমবায় অধিদপ্তরের সহকর্মীরা মিলেমিশে কাজের পরিবেশকে আরও বেশি সুন্দর, আরও বেশি নারীবান্ধব করে তুলবেন। 

সমবায় অধিদপ্তরে নারী দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন এবং নারী সহকর্মীদের সম্মান ও অভিবাদন জানানোর ঘটনা এটাই প্রথম। তাঁরাও এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন প্রাণ খুলে। আমিও আনন্দ পেয়েছি তাঁদের সম্মান জানাতে পেরে। 

"সেদিন সুদূর নয়/ যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়।" ( নজরুল) 
আজ নারীর সেই জয়গানে মুখরিত ছিল সমবায় অধিদপ্তর। 

জয়তু আন্তর্জাতিক নারী দিবস!

লেখক,মহাপরিচালক, সমবায় অধিদপ্তর