কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৪১ হাজার টাকা জরিমানা
ছবিঃ দৈনিক ক্রাইম ডায়রি

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অননুমোদিত ফ্লেভার ব্যবহার, অতিরিক্ত টেস্টের মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিয়ার বাজারের কাঁচাবাজার, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, বেকারি ও মিষ্টি তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং অননুমোদিত ফ্লেভার ব্যবহার করে পণ্য বাজারজাত করার দায়ে নিউ জনতা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রোগীদের কাছ থেকে অতিরিক্ত পরীক্ষার মূল্য আদায় এবং প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগে ফেমাস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মেয়াদ ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে হীরা সুইটস ও একটি ফার্মেসিসহ আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও নমুনা সংগ্রহকারী মো. সাকিব উপস্থিত ছিলেন।

অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ক্রাইম ডায়রি / আদালত