গণতান্ত্রিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিজভীর
দেশজুড়ে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব; ভয়মুক্ত সমাজ, মতপ্রকাশের স্বাধীনতা ও স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ
নিজস্ব প্রতিবেদক
দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে একটি অপশক্তি।
তবে জনগণের সমর্থন ছাড়া কোনো ষড়যন্ত্র বা অশুভ তৎপরতা দীর্ঘস্থায়ী হতে পারে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিকল্পিত নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করেন, দেশে অর্থ পাচারসহ বিভিন্ন মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা হচ্ছে।
সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার মতো ঘটনাও উদ্বেগজনক। তার মতে, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কৃত্রিম অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হলেও জনসমর্থনহীন কোনো তৎপরতা সফল হবে না। ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় চেতনা রক্ষার আকাঙ্ক্ষায় সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল।
জনগণের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে ওই দিনের ঘটনাপ্রবাহ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তিনি আরও বলেন, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানও স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের স্মারক।
রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। স্বাধীনতা-পরবর্তী সময় এবং বিগত দেড় দশকের শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, একদলীয় শাসনব্যবস্থা, গুম-খুন এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার মাধ্যমে অতীতে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনামূলক পোস্টে প্রতিক্রিয়া জানানোর কারণেও সাধারণ মানুষকে গ্রেপ্তারের অভিযোগ রয়েছে। তিনি বলেন, দেশে আর কোনোভাবেই ভয়ের সংস্কৃতি ফিরে আসতে দেওয়া যাবে না। এজন্য রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষাব্যবস্থা ও বুদ্ধিজীবী সমাজের ভূমিকা নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিগত সময়ে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষক নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। পাঠ্যপুস্তকে ইতিহাসের বিকৃতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের ফলে শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জার্মানিতে হিটলারের শাসনামলে বুদ্ধিজীবীদের একটি অংশের ভূমিকার উদাহরণ টেনে রিজভী বলেন, বাংলাদেশের ইতিহাসেও রাজনৈতিক ক্ষমতার পক্ষে অবস্থান নেওয়া কিছু বুদ্ধিজীবীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।
শিক্ষার উদ্দেশ্য কেবল সনদ অর্জন নয়; বরং মানুষের মধ্যে বিবেক, মানবিকতা, নৈতিকতা ও সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস তৈরি করা। এ প্রসঙ্গে প্রখ্যাত লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয়টিও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। তাঁর রাজনৈতিক ও সংগ্রামী জীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ১৯৬৯-৭০ সালে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার আগেই ড. মাহবুব উল্লাহর তৎকালীন ছাত্রসংগঠন সাহসিকতার সঙ্গে স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করেছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের রাজনৈতিক ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
দৈনিক ক্রাইম ডায়রি//রাজনীতি










