দলের পরিচয়ে অপকর্ম করলে রেহাই নয়: আমান উল্লাহ আমান

দলের পরিচয়ে অপকর্ম করলে রেহাই নয়: আমান উল্লাহ আমান
ছবি: দৈনিক ক্রাইম ডায়রি

হাতিম বাদশা:

দলের নাম ভাঙিয়ে কেউ অনিয়ম বা অপরাধে জড়ালে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি স্পষ্ট করে বলেন, অপরাধী যদি নিজের দলেরও হয়, আইন অনুযায়ী আগে তাকে গ্রেফতার করতে হবে।

সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়াম-এ উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আমান উল্লাহ আমানের পুত্র ব্যারিস্টার ইবনে আমান অমি, কেরানীগঞ্জের সহকারী কমিশনার জান্নাতুল মাওয়া এবং দক্ষিণ কেরানীগঞ্জের সহকারী কমিশনার আফতাব আহমেদ।

বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, বিএনপি একটি গণমানুষের দল। জনগণের ভালোবাসায় দল রাষ্ট্রক্ষমতায় এসেছে, তাই মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করা সরকারের দায়িত্ব। তিনি দাবি করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছেন।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান তুলে ধরে বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার মতো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। প্রশাসনের উদ্দেশে বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখার সুযোগ নেই—আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, ‘২৪-এর চেতনায় বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে তাদের রাজনৈতিক অঙ্গীকার অব্যাহত থাকবে।

সভায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা কেরানীগঞ্জের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও সেবা খাতে মানোন্নয়নসহ নানা প্রস্তাব তুলে ধরেন। সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন আমান উল্লাহ আমান এবং সমন্বিত উদ্যোগে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক ক্রাইম ডায়রি// রাজনীতি