নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন জামায়াতের শীর্ষ নেতারা

নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন জামায়াতের শীর্ষ নেতারা
ছবি- অনলাইন হতে সংগৃহীত

আলাউদ্দিন সোহেল:

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে সারাদেশে প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান রাজধানীর মিরপুরে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট প্রদান করবেন। নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে ভোট দেবেন।

এছাড়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন অধ্যাপক মুজিবুর রহমান। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন মাওলানা আনম শামসুল ইসলাম।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকাল ৮টার দিকে খুলনার ফুলতলা উপজেলার ৮নং পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন বলে জানা গেছে।

অন্যদিকে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ঢাকার খিলগাঁও গোড়ান এলাকার আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন মাওলানা রফিকুল ইসলাম খান। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ড. হামিদুর রহমান আযাদ। আর চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন মাওলানা মুহাম্মাদ শাহজাহান।

জামায়াতের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।

দৈনিক ক্রাইম ডায়রি// রাজনীতি