আন্দোলনের অভিজ্ঞ নারীরাই অগ্রাধিকার পেতে পারেন সংরক্ষিত আসনে: রিজভীর ইঙ্গিত

আন্দোলনের অভিজ্ঞ নারীরাই অগ্রাধিকার পেতে পারেন সংরক্ষিত আসনে: রিজভীর ইঙ্গিত
ছবিঃ দৈনিক ক্রাইম ডায়রি

হাতিম বাদশাঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের জন্য দল এমন প্রার্থীদের বেছে নিতে আগ্রহী, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং সমাজে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, সংসদে কথা বলার সক্ষমতা এবং সামাজিক গ্রহণযোগ্যতা গুরুত্ব পাবে।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহে আগ্রহীদের সাড়া বেশ ভালো। প্রথম দিনেই কয়েকশ ফরম বিতরণ হয়েছে এবং তিন দিনের নির্ধারিত সময়জুড়ে (১০-১২ এপ্রিল) আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে। ইতোমধ্যে অনেকে ফরম জমাও দিয়েছেন।
রিজভী আরও বলেন, আবেদনগুলো দলের উচ্চপর্যায়ের নেতাদের সমন্বয়ে গঠিত একটি বোর্ড যাচাই-বাছাই করবে। খুব শিগগিরই চূড়ান্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে যেভাবে অতীতে প্রার্থী নির্বাচন করা হয়েছে, এবারও একই ধারাবাহিকতা বজায় থাকবে। আগ্রহীরা নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে পারবেন।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত দেড় দশকের কঠিন সময় পার করে বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, তা সঠিকভাবে কাজে লাগানো জরুরি। একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থার জন্য এই সুযোগ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
নারীদের ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, আন্দোলনের সময় অনেক নারী কর্মী নির্যাতন, হয়রানি ও গ্রেফতারের শিকার হয়েছেন। তাই তাদের অবদান বিবেচনায় নিয়ে দল মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব দেবে বলে তিনি বিশ্বাস করেন।
এছাড়া তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সংসদ ও স্থানীয় সরকারসহ সকল নির্বাচনী পদে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে।

দৈনিক ক্রাইম ডায়রি // রাজনীতি