বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন

Bogra's Sherpur Upazila administration celebrates Pohela Baishakh

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রায় পহেলা বৈশাখ উদযাপন
ছবি- অনলাইন হতে সংগৃহীত

স্টাফ রিপোর্টার, শেরপুর (বগুড়া):
বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বগুড়ার শেরপুরে উদযাপিত হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন উপলক্ষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সাদা-লাল শাড়ি, পাঞ্জাবি ও রঙিন পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা শোভাযাত্রায় বাংলার ঐতিহ্য তুলে ধরেন। গ্রামীণ সংস্কৃতির নৃত্য-গীত, লোকজ উপস্থাপনা এবং পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল দর্শনীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু, উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দিন, ওসি (তদন্ত) মো. জয়নাল আবেদীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী এবং মহিলা দলের নেত্রী পুটি, মিষ্টি, জেসি ও রাহিমাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ উৎসবে অংশগ্রহণ করেন।
নববর্ষ উপলক্ষে দিনব্যাপী বৈশাখী মেলা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। মেলায় লোকজ পণ্য ও খাবারের সমারোহ নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে।
অনুষ্ঠানের বক্তারা বলেন, “পহেলা বৈশাখ শুধু একটি নতুন বছরের সূচনা নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের প্রতীক।” তারা অতীতের সব গ্লানি ভুলে নতুন উদ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উৎসবমুখর এ আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একাত্মতায় মিলিত হন।

 দৈনিক ক্রাইম ডায়রি // জেলা