নারায়ণগঞ্জের বক্তাবলীতে অবৈধ ইটভাটায় অভিযান, দুই লক্ষ টাকা জরিমানা আদায়

নারায়ণগঞ্জের বক্তাবলীতে অবৈধ ইটভাটায় অভিযান, দুই লক্ষ টাকা জরিমানা আদায়
ছবি- দৈনিক ক্রাইম ডায়রি

ডেস্ক রিপোর্ট:

 নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বক্তাবলী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে দুটি ইটভাটাকে মোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম অংশগ্রহণ করে।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী পরিচালিত এ অভিযানে বক্তাবলী এলাকার দুইটি অবৈধ ইটভাটাকে দোষী সাব্যস্ত করে প্রত্যেকের বিরুদ্ধে জরিমানা ধার্য করে মোট দুই লক্ষ টাকা আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ রক্ষা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক ক্রাইম ডায়রি/ আদালত