নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক শৃঙ্খলা জোরদারে জেলা প্রশাসনের কঠোর অবস্থান

মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন সক্রিয় ভূমিকা রাখছে

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক শৃঙ্খলা জোরদারে জেলা প্রশাসনের কঠোর অবস্থান
ছবি- দৈনিক ক্রাইম ডায়রি

ষ্টাফ রিপোর্র্টার:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব রায়হান কবির বলেছেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে অপরাধ দমন ও জনদুর্ভোগ কমাতে কাজ করা হচ্ছে।
দৈনিক ক্রাইম ডায়রি'র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।

নারায়ণগঞ্জ একটি শিল্পসমৃদ্ধ ও জনবহুল জেলা হওয়ায় এখানে প্রশাসনিক চ্যালেঞ্জ তুলনামূলক বেশি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
জেলা প্রশাসক বলেন সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। ভূমি ব্যবস্থাপনা, বাজার তদারকি, অবৈধ দখল উচ্ছেদ এবং পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন সক্রিয় ভূমিকা রাখছে।

সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ ইস্যু ও কর্মসূচি প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নাগরিকদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সাক্ষাৎকারের শেষাংশে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা কামনা করে বলেন,প্রশাসন একা সবকিছু করতে পারে না। নাগরিক সচেতনতা ও সহযোগিতাই পারে একটি সুন্দর, নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে।

দৈনিক ক্রাইম ডায়রি// জেলা