রাঘববোয়ালদের দুর্নীতিতে নজর দুদকের, বড় অর্থ পাচারকারীদের বিরুদ্ধে অনুসন্ধানে বিশেষ গুরুত্ব
প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অর্থপাচারের জাল ভাঙতে নতুন উদ্যোগ • এক হাজার ২৮টি পদ সৃষ্টি, তদন্ত সক্ষমতা বাড়াতে সাংগঠনিক সংস্কার • কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ঘোষণা
হাতিম বাদশা:
দেশের বড় বড় দুর্নীতি, অর্থপাচার এবং প্রাতিষ্ঠানিক অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে বর্তমান কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।
শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান দৃশ্যমান করতে চায় কমিশন। একই সঙ্গে দুদকের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাগত দক্ষতা নিশ্চিত করে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও জনআস্থার জায়গায় প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান দেশের অর্থপাচারের ভয়াবহ চিত্র তুলে ধরেন।
তিনি জানান, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে বলে তাঁর কাছে থাকা হিসাবের তথ্য রয়েছে। এর মধ্যে প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার ইনভয়েস ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে পাচার হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তাঁর ভাষ্য, বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এসব অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যা তুলনামূলকভাবে বেশি নয়। তাই প্রভাবশালী ব্যক্তি, বড় ব্যবসায়িক গোষ্ঠী এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের আড়ালে সংঘটিত বড় ধরনের দুর্নীতির বিষয়গুলো অনুসন্ধানের আওতায় আনা জরুরি।
তিনি বলেন, বর্তমান কমিশন বড় ধরনের দুর্নীতির অনুসন্ধান, মামলা ও তদন্তের বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দুদককে এমন একটি কার্যকর ও আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যেখানে দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ অনুসন্ধান হবে এবং অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া তাঁর বক্তব্যে ব্যক্তিগত দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেন।
তিনি বলেন, ব্যক্তিপর্যায়ের দুর্নীতির চেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে বেশি দুর্বল করে দিয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, দেশে প্রায় ৯৫ শতাংশ মানি লন্ডারিং ক্লিয়ারিং হাউজের মাধ্যমে সংঘটিত হয় এবং এসব অর্থ করপোরেট প্রতিষ্ঠান ও ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্থানান্তরিত হয়। এ ধরনের আর্থিক অপরাধ প্রতিরোধে আর্থিক লেনদেনের স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি গুরুত্বারোপ করেন।
দুদক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের আগে দুর্নীতিমুক্ত থাকতে হবে। তাঁর ভাষায়, ‘আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।’ কমিশনের ভেতরে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ রাখা যাবে না বলেও বক্তব্যে ইঙ্গিত দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।
তিনি জানান, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম তৈরি করেছে। এ কাঠামোর আওতায় এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি এবং নতুন গ্রেডেশন তালিকা প্রণয়ন করা হয়েছে। কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে দেশে-বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, মামলা পরিচালনা, তদন্ত এবং প্রতিরোধমূলক কার্যক্রমের সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন জনবল ও সাংগঠনিক কাঠামোর মাধ্যমে মাঠপর্যায়ে অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণ, জটিল আর্থিক অপরাধ বিশ্লেষণ এবং বড় ধরনের দুর্নীতির অভিযোগ দ্রুত যাচাইয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে নতুন পদ সৃষ্টি ও প্রশিক্ষণের পাশাপাশি তদন্তের নিরপেক্ষতা, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত পরিবেশ এবং মামলার যথাযথ বিচারিক অগ্রগতি নিশ্চিত করাও দুদকের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ কার্যালয়ের পরিচালক মো. আতিকুল আলম। অনুষ্ঠানে কমিশনের সব মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক অংশ নেন। এর আগে দুদক চেয়ারম্যান দুই কমিশনার ও সচিবকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
প্রতিষ্ঠার ২২ বছর পূর্তিতে কমিশনের ঘোষিত অবস্থান ও সাংগঠনিক সংস্কারের উদ্যোগের মধ্য দিয়ে দুর্নীতি দমনে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, শুধু বড় বড় ঘোষণা কিংবা সাংগঠনিক সম্প্রসারণ নয়, বরং ক্ষমতাবান ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ অনুসন্ধান, পাচার হওয়া অর্থ উদ্ধারের কার্যকর উদ্যোগ, দুর্নীতির মামলার দ্রুত নিষ্পত্তি এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই দুদকের কার্যক্রমের বাস্তব সাফল্য দৃশ্যমান হবে।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










