নতুন বাজেট হবে সম্পূর্ণভাবে জনকল্যাণমুখী--অর্থ মন্ত্রী

নতুন বাজেট হবে সম্পূর্ণভাবে জনকল্যাণমুখী--অর্থ মন্ত্রী
ছবি- অনলাইন হতে সংগৃহীত

আশিকুর রহমান মাহীঃ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেছেন, আগামী দিনের বাজেট আর কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য প্রণয়ন করা হবে না। নতুন বাজেট হবে সম্পূর্ণভাবে জনকল্যাণমুখী—যেখানে অগ্রাধিকার পাবে সাধারণ মানুষের প্রয়োজন ও স্বার্থ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনি এলাকা সফরে এসে তিনি এসব কথা বলেন।

সকাল ১১টার দিকে তিনি -এ পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে নগরের পাহাড়তলী এলাকার উত্তর কাট্টলীতে পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি তার মা-বাবার কবর জিয়ারত করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, অতীতে নেওয়া বিপুল ঋণের যথাযথ ব্যবহার হয়নি, যার ফলে বর্তমান সরকারকে বড় অঙ্কের দায়ভার বহন করতে হচ্ছে। তিনি স্পষ্ট করেন, ভবিষ্যতে আর পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি চলবে না; বরং স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে অর্থব্যবস্থা পরিচালিত হবে।

পুঁজিবাজার প্রসঙ্গে তিনি জানান, শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। সঠিক সংস্কার কার্যকর হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং বাজারে ইতিবাচক প্রবণতা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রামকে দেশের প্রকৃত বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে বন্দর কার্যক্রম আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, বিনিয়োগ বৃদ্ধি ও শিল্প সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে। উৎপাদন বাড়ানো ছাড়া টেকসই কর্মসংস্থান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর প্রথম চট্টগ্রাম সফরের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা ফিরে আসায় উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাজ করতে হবে এবং চট্টগ্রামের উন্নয়নে সমগ্র দেশকে সম্পৃক্ত করতে হবে।

দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে নগরের মেহেদিবাগ এলাকায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

দৈনিক ক্রাইম ডায়রি //জাতীয়