জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথি প্রধানমন্ত্রী, উপস্থিত দেশের শীর্ষ নেতারা

জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথি প্রধানমন্ত্রী, উপস্থিত দেশের শীর্ষ নেতারা
ছবি- দৈনিক ক্রাইম ডায়রি

আশিকুর রহমান মাহী:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামী আয়োজিত একটি বিশেষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। শনিবার বিকালে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। সেখানে সংসদের বিরোধী দলের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর উপস্থিতি ছিল।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও উপস্থিত ছিলেন। উভয় নেতার পাশাপাশি বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারাও ইফতার অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে ইফতারের জন্য আমন্ত্রণ জানানোয় জামায়াতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘আল্লাহর নামে শপথ গ্রহণ করে আসুন, আমাদের ভবিষ্যৎ কর্মগুলো এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিবেদিত হোক।’’

তারেক রহমান আরও বলেন, ‘‘আমরা জানি, আজকের বাংলাদেশে অনেক মানুষের প্রত্যাশা রয়েছে, বিশেষত রাজনৈতিক দলগুলোর প্রতি। এখন আমরা এক গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে সদ্য অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যুগ শুরু হয়েছে।’’

তিনি সেই গণতন্ত্রের জন্য দেশের মানুষের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরে বলেন, ‘‘যে গণতন্ত্রের জন্য লাখো মানুষের প্রাণ গেছে, কোটি মানুষের নির্যাতনের শিকার হতে হয়েছে—আজ তা বাস্তবায়িত হচ্ছে।’’
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, ‘‘এই গণতন্ত্রের জন্য, এই স্বাধীনতার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। দীর্ঘ সংগ্রামের পর আমরা ফিরে পেয়েছি আমাদের বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার।’’
এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির সভাপতি অলি আহমদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ নানা পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়