বিভ্রান্তি রুখে দিতে ভোটারদের সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান
সিরাজগঞ্জ প্রতিনিধি
ভোটের অধিকার রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তাদের চিনে রাখতে হবে। যারা বিভ্রান্তি ছড়াবে, তাদের ‘গুপ্ত শক্তি’ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
সোমবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর তার সিরাজগঞ্জ সফরকে ঘিরে জেলা ও আশপাশের এলাকার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
তারেক রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট ও মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অধিকার ফিরিয়ে আনতে বহু মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন। এই আত্মত্যাগ যেন আবার ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ না হয়—সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতা শুধু অর্জন করলেই শেষ নয়, সেটিকে অর্থবহ করাই আসল চ্যালেঞ্জ। ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, আর ২০২৪ সালে জনগণ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন প্রয়োজন দেশ গড়ার রাজনীতি।
বিএনপি চেয়ারম্যান দাবি করেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যাদের দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা ও সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, জনগণ এখন জানতে চায়—কে কীভাবে দেশ পরিচালনা করবে, আর সেই পরিকল্পনা বিএনপি জনগণের সামনে তুলে ধরেছে।
সিরাজগঞ্জ ও পাবনার উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এ অঞ্চলে কৃষি, তাঁত ও ক্ষুদ্র শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। পরিকল্পিতভাবে কৃষিনির্ভর শিল্প, নতুন শিল্পপার্ক এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উত্তরাঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করা হবে। তিনি তাঁত ও লুঙ্গিশিল্পকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার কথাও উল্লেখ করেন।
নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি যুবসমাজের জন্য আইটি প্রশিক্ষণ, বিদেশগামী কর্মীদের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং ক্রীড়া উন্নয়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
জনসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সভায় সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
এর আগে একই দিন টাঙ্গাইলে পৃথক এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান অভিযোগ করেন, একটি চক্র ভোটকে বাধাগ্রস্ত করতে এনআইডি ও মোবাইল আর্থিক সেবার তথ্য সংগ্রহের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। বিশেষ করে নারী ভোটারদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ভোটের দিন সকালেই ভোটকেন্দ্রে উপস্থিত থাকার এবং ভোটকেন্দ্র পাহারা দেওয়ার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ভোটার নিজে ভোট দিচ্ছেন কি না—সেটি নিশ্চিত করাও নাগরিক দায়িত্বের অংশ।
সমাবেশ শেষে টাঙ্গাইলের আটটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
বিএনপি মিডিয়া সেল জানায়, উত্তরাঞ্চলের নির্বাচনী কর্মসূচি শেষে আগামী ২ জানুয়ারি খুলনা বিভাগের বিভিন্ন জেলায় জনসভায় অংশ নেবেন তারেক রহমান।
দৈনিক ক্রাইম ডায়রি// রাজনীতি










