জনচাপের মুখে ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে বিরোধীরা: জামায়াত আমির

জনচাপের মুখে ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে বিরোধীরা: জামায়াত আমির
ছবি- অনলাইন হতে সংগৃহীত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

জাতীয় বাস্তবতার চাপেই কিছু রাজনৈতিক পক্ষ এখন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার বিকেলে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সংস্কার প্রস্তাব ও গণভোট ইস্যুতে শুরু থেকেই একটি মহল দ্বিধান্বিত ও অস্পষ্ট ভূমিকা পালন করে আসছে। প্রথমে তারা গণভোটের বিরোধিতা করলেও জনমতের চাপে একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সম্মত হয়। তবে এখন আবার সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যখন জবাবদিহি চাইছে, তখন বাধ্য হয়েই তারা ‘হ্যাঁ’ ভোটের কথা বলতে শুরু করেছে। এটি তাদের আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত।

তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের শহীদদের অবদানকে খাটো করার অপচেষ্টা হয়েছে। যারা একসময় জুলাইকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল, তারাই এখন নিজেদের ওই আন্দোলনের মূল পরিকল্পনাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

জুলাইয়ের চেতনার নামে চাঁদাবাজি, দুর্নীতি, জমি দখল, মামলা বাণিজ্য এবং নিরীহ মানুষের ওপর নির্যাতনের ঘটনাকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে জামায়াত আমির বলেন, এসব কর্মকাণ্ড কোনোভাবেই জুলাইয়ের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, অতীতের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও তথাকথিত আয়নাঘর সংস্কৃতির মাধ্যমে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই বাস্তবতা থেকে উত্তরণে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, পরিবারকেন্দ্রিক রাজনীতি এবং ব্যাংক লুটের সংস্কৃতির বিরুদ্ধে ভোটের মাধ্যমে ‘লাল কার্ড’ প্রদর্শনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক এবং ঢাকা-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম।

এছাড়া এনসিপির মনোনীত প্রার্থীদের মধ্যে ঢাকা-১৯ আসনের দিলশানা পারুল ও ঢাকা-২০ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিমও সমাবেশে বক্তব্য দেন।

দৈনিক ক্রাইম ডায়রি// রাজনীতি