রংপুর মহানগরীতে বিএসটিআইয়ের অভিযানঃ জরিমানা আদায়

রংপুর মহানগরীতে বিএসটিআইয়ের অভিযানঃ জরিমানা আদায়
ছবি- অনলাইন হতে সংগৃহীত

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় অফিস, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুর-এর যৌথ উদ্যোগে রংপুর মহানগরীতে ভেজাল ও মাননিয়ন্ত্রণবিহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

জনস্বার্থে পরিচালিত এ অভিযানে বিভিন্ন মুড়ি ও চিড়া প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাগজপত্র, লাইসেন্স ও পণ্যের মান যাচাই করা হয়।
অভিযান চলাকালে মেসার্স মরিয়ম মুড়ি ও চিড়ার মিল, ধর্মদাস, মহানগর, রংপুর কর্তৃপক্ষ তাদের উৎপাদিত মুড়ি পণ্যের ক্ষেত্রে বিএসটিআই সিএম লাইসেন্স রয়েছে বলে দাবি করে।

কিন্তু তাৎক্ষণিক যাচাই-বাছাইয়ে দেখা যায়, উক্ত তথ্য সঠিক নয় এবং তারা ভোক্তাদের বিভ্রান্ত করার জন্য মিথ্যা তথ্য প্রদান করেছে।
এ অপরাধের প্রেক্ষিতে বিএসটিআই আইন অনুযায়ী ৩০/৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাননিয়ন্ত্রণবিহীন ও ভুয়া লাইসেন্সের মাধ্যমে পণ্য বাজারজাত করা গুরুতর অপরাধ।

এ ধরনের অনিয়ম জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার পরিপন্থী। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

কোনো প্রতিষ্ঠান যদি লাইসেন্স সংক্রান্ত ভুয়া তথ্য প্রদান করে বা মানচিহ্ন অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


জনস্বার্থে পরিচালিত এ অভিযানে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল ব্যবসায়ীকে সঠিক লাইসেন্স গ্রহণ ও মানসম্মত পণ্য উৎপাদনের আহ্বান জানিয়েছেন।

দৈনিক ক্রাইম ডায়রি // আদালত