ইফতার মঞ্চে ঐক্য ও দায়বদ্ধতার আহ্বান প্রধানমন্ত্রীর

ইফতার মঞ্চে ঐক্য ও দায়বদ্ধতার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি- অনলাইন হতে সংগৃহীত

শাহ আলম রাসেল:

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। জনগণ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের কাছ থেকে ইতিবাচক পরিবর্তনের আশা করছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পুরো আয়োজন সঞ্চালনা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বক্তব্যে প্রধানমন্ত্রী সাম্প্রতিক জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, দীর্ঘ সময়ের ত্যাগ ও সংগ্রামের পর দেশের মানুষ আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। গত এক যুগের বেশি সময় ধরে বহু মানুষ জীবন দিয়েছেন, অনেকেই নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় এখন গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা মহান আল্লাহর রহমত। এজন্য সবার আগে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন।

ইফতারের এ আয়োজনে তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান, যেন তারা আল্লাহর নামে অঙ্গীকার করেন—আগামী দিনের সকল কার্যক্রম দেশের মানুষের কল্যাণ ও ভাগ্যোন্নয়নের উদ্দেশ্যে পরিচালিত হবে। তিনি বলেন, মানুষের জীবনমান উন্নয়নই হোক রাজনৈতিক অঙ্গীকারের মূল ভিত্তি।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, ওলামা-মাশায়েখসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়