করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকিতে ভারত

এই আর রাফি,ভারত থেকে

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকিতে ভারত

জনসংখ্যার ঘনত্ব, স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং উচ্চ হারে অভিবাসনের কারণে চীন থেকে ছড়িয়ে পড়া মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে মারাত্মকভাবে ঝুঁকিতে রয়েছে ভারত।

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্যের অধ্যাপক পাদ্মনসেন নরসিমহান এ কথা জানিয়েছেন। ভারতের গণমাধ্যম টাইমস ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

সরকারে পক্ষ থেকে জানানো হয়ছে, ইতোমধ্যে দেশটিতে ভাইরাসে আক্রান্ত তিন জনকে সনাক্ত করা হয়েছে। ২৩ হাজার ৫৩১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া ভারতের প্রতিবেশি দেশ শ্রীলংকায় একজন, পাকিস্তানে একজনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

ভারতের একশে’ ৩০ কোটি জনসংখ্যার তুলনায় করোনা ভাইরাসের আক্রান্তের এ সংখ্যা খুবই  ক্ষুদ্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে যে, চীনের বাইরে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।

হার্ভার্ডের টিএইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের অধ্যাপক ক্যাসিসমায়াজুলা বিশ্বনাথ বলেন, এই ভাইরাস ইতোমধ্যে এখানে ঢুকে পড়েছে, ‘যদি এটি ছড়িয়ে পড়তে শুরু করে তবে খুব দ্রুত বিবর্তন দেখা যাবে। এই মুহুর্তে হয়তো ভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, পর্যবেক্ষণ করা যাচ্ছে, কিন্তু যদি এটি অন্যান্য সংক্রামক রোগগুলির সাথে ছড়িয়ে পড়ে তবে এটি যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে।’

আর ভারতে যেহেতু প্রতি বর্গকিলোমিটারে ৪২০ জন করে বসবাস করে সুতরাং এখানে ভাইরাস অতিদ্রুত ছড়িয়ে পড়বে। বিশেষ করে মুম্বাইয়ের বস্তিগুলোতে।

চীনের মতো ভারতেও অভ্যন্তরীণ অভিবাসনের হার অনেক বেশি। ২০১১ সালের আদমশুমারিতে দেখা যায়, ৪ কোটি ৫০লাখ মানুষ কাজের সুযোগের সন্ধানে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে এসেছিল। অনেকে তাদের গ্রাম থেকে প্রতিদিন শহরে কাজ করতে যান। এটি একটি অঞ্চলে প্রাদুর্ভাব ছড়াতে সহজ করে তুলবে। আর চীন এই কারণেই হুবেই প্রদেশকে তালাবদ্ধ করে করার চেষ্টা করেছে।

প্রতিবেশি বাংলাদেশ ইতোমধ্যে চীন থেকে ৩১২ জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে নিয়ে এসে আলাদাভাবে ১৪ দিন ধরে কোয়ারাইন্টাইনে রেখেছে।

ভারতের জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের নির্বাহী পরিচালক বিবেকানন্দ বলেন, ভারতে এটি সম্ভব নয়।

অন্যদিকে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধণ জানিয়েছেন, কেরালা প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জনকে শনাক্ত করা হয় এবং চিকিৎসা শেষে তাদেরকে হাসপাতাল থেকে ফেরত দেয়া হয়ছে।