অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ
শাহ ্আলম রাসেল:
সরকারি কর্মচারীদের নির্ধারিত সময় মেনে অফিসে উপস্থিত হওয়া এবং অফিস শেষে সঠিক সময়ে প্রস্থান নিশ্চিত করতে নতুন করে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নির্দেশনা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অফিস শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়সূচি মেনে অফিসে উপস্থিত থাকা এবং কর্মঘণ্টা শেষে যথাযথভাবে দপ্তর ত্যাগ করা বাধ্যতামূলক।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে। মাঠ পর্যায়ের কার্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, সাপ্তাহিক ছুটি বা অন্য কোনো ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা গেলে সেবা প্রদান প্রক্রিয়া আরও কার্যকর ও জবাবদিহিমূলক হবে।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










