১০ মার্চ শুরু ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রম, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আশিকুর রহমান মাহী:
আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের পাইলট প্রকল্প। এদিন আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জানান নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের উপ-কমিটির বৈঠকে ফ্যামিলি কার্ড প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন উপ-কমিটির সুপারিশের ভিত্তিতে প্রকল্পটির পাইলটিং কার্যক্রম চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে দেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলা নির্বাচন করা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ করা হবে। নির্ধারিত দিনেই একযোগে সব উপজেলায় কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে এটি সারাদেশে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
ফ্যামিলি কার্ডের আওতায় হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত হবেন। উপকারভোগীরা প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সরকারের মতে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময় ধরে পরিকল্পনা ও পর্যালোচনার পর প্রকল্পটি অনুমোদন পেয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পাইলট বাস্তবায়নের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে কর্মসূচিটি বাস্তবায়ন করা সম্ভব হবে।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










