শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ
ডেস্ক রিপোর্টঃ
টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ ও শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চলে আন্দোলনের প্রভাব পড়ে এবং কোথাও কোথাও যান চলাচল ব্যাহত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত কেন্দ্রে পৌঁছাতে পারেননি।
ফলে তারা পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। এ অবস্থায় তারা তিন দফা দাবি তুলে ধরেছেন—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
রাজধানীতে সকাল থেকেই সায়েন্স ল্যাব, উত্তরা, শাহবাগ এবং ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা বিভিন্ন সড়ক অবরোধ করলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।
আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও কয়েকটি স্থানে শিক্ষার্থীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
ঢাকার বাইরে রাজশাহী, বগুড়া, বরিশাল, কুমিল্লা, রংপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। কোথাও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, কোথাও শিক্ষা বোর্ডের সামনে, আবার কোথাও মহাসড়কে অবস্থান নিয়ে তারা দাবি আদায়ের আহ্বান জানান।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অনেক পরীক্ষার্থী নৌকা কিংবা বিকল্প ব্যবস্থায়ও কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন বাস্তবতায় পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি অবিচার হয়েছে বলে তারা দাবি করেন।
এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ বিষয়ে তিনি তাৎক্ষণিক মন্তব্য করবেন না। সংসদে প্রশ্নোত্তর পর্ব শেষ করার পর প্রয়োজন হলে তিনি এ বিষয়ে কথা বলবেন।
সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত ছিল। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যদিকে প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক ক্রাইম ডায়রি // জাতীয়










