বন্যাদুর্গতদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান নাহিদ ইসলামের
হোসেন মিন্টু, | চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিস:
চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারকে এককভাবে নির্ভর না করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।
রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় পশ্চিম রায়পুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ আহ্বান জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, টানা কয়েকদিন ধরে এলাকার শত শত পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কার্যকর উপস্থিতি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দৃশ্যমান নয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্বল বেড়িবাঁধ, দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবের কারণে বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
বেড়িবাঁধ নির্মাণে অতীতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হলেও তা যথাযথভাবে কাজে লাগানো হয়নি বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তার দাবি, পূর্ববর্তী সরকারের আমলে এ খাতে বরাদ্দকৃত অর্থের বড় অংশ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে।
চলতি অর্থবছরেও উপকূলীয় সুরক্ষা অবকাঠামোর জন্য বরাদ্দ রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ অর্থ যেন সঠিকভাবে ব্যয় হয় এবং কোনো ধরনের দুর্নীতির সুযোগ না থাকে, সে বিষয়ে তারা নজর রাখবেন। প্রয়োজন হলে বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হবে বলে জানান তিনি।
বিরোধীদলীয় হুইপ আরও বলেন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এখন সবার নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিশেষ করে শিক্ষার্থীদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা










