জনবল সংকট কাটাতে স্বাস্থ্য খাতে এক লাখ নিয়োগ শিগগিরই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

জনবল সংকট কাটাতে স্বাস্থ্য খাতে এক লাখ নিয়োগ শিগগিরই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
ছবি: অনলাইন হতে সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

দেশের সরকারি হাসপাতাল ও মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের জনবল সংকট দূর করতে বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অতি শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের শূন্য পদ পূরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই বৃহৎ এ নিয়োগ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অনুমোদিত পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে। অন্যদিকে অনুমোদিত ৪৯ হাজার ৮৭৯টি নার্স পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৪৫ হাজার ৩০২ জন। ফলে নার্সের ৪ হাজার ৫৭৭টি পদ এখনও খালি রয়েছে।

মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবায়ও উল্লেখযোগ্য জনবল সংকট রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে অনুমোদিত ৬৫ হাজার ২৩০টি পদের মধ্যে বর্তমানে দায়িত্ব পালন করছেন ৪৬ হাজার ২৮৩ জন। ফলে এ পর্যায়ে ১৮ হাজার ৯৪৭টি পদ শূন্য রয়েছে।

পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) পদে অনুমোদিত ২৩ হাজার ৫০০টির বিপরীতে কর্মরত আছেন ১৫ হাজার ২০৭ জন। অর্থাৎ এ পদে ৮ হাজার ২৯৩টি শূন্য রয়েছে। একইভাবে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ৩ হাজার ১৬১টি এখনও পূরণ হয়নি।

এ ছাড়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ৫৪০টি পদ শূন্য রয়েছে। স্বাস্থ্য সহকারী (এইচএ) পদের ক্ষেত্রেও ২০ হাজার ৯০৯টি অনুমোদিত পদের বিপরীতে ৬ হাজার ৯৫৩টি পদ খালি রয়েছে বলে সংসদে তুলে ধরেন মন্ত্রী।

স্বাস্থ্যসেবায় জনবল বৃদ্ধি করতে চলমান নিয়োগ কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন তিনি। জানান, ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে আরও ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া এগিয়ে চলছে।

একই সঙ্গে সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া দশম গ্রেডের মিডওয়াইফ পদে নিয়োগের জন্য চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। এসব আনুষ্ঠানিকতা শেষ হলেই তাদের কর্মস্থলে পদায়ন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। সে লক্ষ্যেই দ্রুততম সময়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম সম্পন্ন করে দেশের বিভিন্ন হাসপাতালে ও মাঠ পর্যায়ের শূন্য পদ পূরণ করা হবে।

দৈনিক ক্রাইম ডায়রি// স্বাস্থ্য