শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন, আইনি প্রক্রিয়ায় আগে কারাগারে যেতে হবে: শামা ওয়ায়েদ

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন, আইনি প্রক্রিয়ায় আগে কারাগারে যেতে হবে: শামা ওয়ায়েদ
ছবি: অনলাইন হতে সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে প্রথমে কারাগারে যেতে হবে এবং দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নির্ধারিত আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রেখেছে। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান চুক্তি ও কূটনৈতিক ব্যবস্থার আওতায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তার ভাষ্য, একজন দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরে আত্মসমর্পণ করলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী সব কার্যক্রম পরিচালিত হবে।

শেখ হাসিনা দেশে ফিরলে কী ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে—এমন প্রশ্নের জবাবে শামা ওয়ায়েদ বলেন, আত্মসমর্পণের পর তাকে কারাগারে যেতে হবে এবং আদালতের রায় অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া চলবে। তিনি দাবি করেন, আত্মসমর্পণ না করে রাজনৈতিক বক্তব্য দেওয়া হলে তা পলাতক নেতাকর্মীদের সক্রিয় করার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি আরও বলেন, কোনো আসামি বিদেশে অবস্থান করলেও তার জন্য সরকারের নির্ধারিত আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকে। বিদেশে বাংলাদেশের কোনো মিশনে কিংবা দেশে এসে আত্মসমর্পণ—যেখানেই তা হোক না কেন, আইনি প্রক্রিয়ায় কোনো ভিন্নতা থাকবে না বলে মন্তব্য করেন তিনি।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা সেখানে আত্মসমর্পণ করতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিনি কোন দেশে কীভাবে আত্মসমর্পণ করবেন, সেটি সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়। তবে বাংলাদেশের দৃষ্টিতে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি এবং তাকে বাংলাদেশের আইন অনুযায়ী নির্ধারিত শাস্তির মুখোমুখি হতে হবে।

দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির রাজনৈতিক বক্তব্যকে সরকার গুরুত্ব দেয় না বলেও মন্তব্য করেন শামা ওয়ায়েদ। তিনি বলেন, একজন আসামির বক্তব্য সরকারের নীতিনির্ধারণে প্রভাব ফেলার সুযোগ নেই। সরকারের পক্ষ থেকে আগে থেকেই যে আইনি ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে, সেটিই ধারাবাহিকভাবে চলমান রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার বিদেশে অবস্থান করে দেওয়া বক্তব্যের বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছিল। বর্তমান সরকার এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে কি না—এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের বিভিন্ন বিষয় প্রকাশ্যে জানানো হয় না। তবে প্রয়োজনীয় আলোচনায় বিষয়টি উঠে আসে এবং সরকার বিদ্যমান প্রক্রিয়া অনুসারেই কাজ করছে।

দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়