কাটগর মহিলা কলেজ-চড়িহালদার মোড় সড়কে উন্নয়নের আড়ালে চরম জনদুর্ভোগ
নালার কাদামাটি অপসারণ না করায় পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সীমাহীন ভোগান্তি
হোসেন মিন্টু, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো।
চট্টগ্রাম নগরীর কাটগর মহিলা কলেজ থেকে চড়িহালদার মোড় পর্যন্ত চলমান সড়ক উন্নয়নকাজ স্থানীয়দের কাছে আশার বার্তা হয়ে এলেও বাস্তব চিত্র যেন উল্টো এক দুর্ভোগের প্রতিচ্ছবি।
উন্নয়নের নামে নালার কাদামাটি, পচা বর্জ্য ও দুর্গন্ধযুক্ত ময়লা রাস্তার দুই পাশে ফেলে রাখায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশ। ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী, রিকশাচালক ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা গেছে, নালা পরিষ্কারের পর উত্তোলিত কাদামাটি দিনের পর দিন রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে। কোথাও কালচে পচা পানি জমে আছে, কোথাও শুকনো কাদা ধুলাবালিতে পরিণত হয়ে বাতাসে ছড়িয়ে পড়ছে। এতে সড়কটি অনেক স্থানে কর্দমাক্ত হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা ছড়িয়ে পড়ে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারকাজ চলমান থাকলেও কাজের ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নালার মাটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। বিশেষ করে কাটগর মহিলা কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীরা প্রতিদিন এই দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। ব্যবসায়ীরাও জানান, দোকানের সামনে কাদা ও পচা ময়লার স্তূপ থাকায় ক্রেতাদের আনাগোনা কমে গেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, উন্নয়নকাজ শুধু রাস্তা নির্মাণেই সীমাবদ্ধ থাকলে চলবে না; জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। নির্মাণকাজের সময় নালার মাটি দ্রুত অপসারণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ধুলাবালি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে এমন উন্নয়ন জনকল্যাণের বদলে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, নালার কাদামাটি ও পচা বর্জ্য অবিলম্বে অপসারণ করে সড়কটি চলাচল উপযোগী করা হোক।
স্থানীয়দের ভাষায়, “উন্নয়ন তখনই অর্থবহ, যখন তা মানুষের জীবনকে সহজ করে। কিন্তু উন্নয়নের নামে যদি প্রতিদিন দুর্গন্ধ, কাদা, ধুলাবালি আর দুর্ভোগই সঙ্গী হয়, তবে সেই উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
দৈনিক ক্রাইম ডায়রি //জেলা










