একযোগে পুলিশের ৬ কর্মকর্তার রদবদল, ডিআইজি পর্যায়েও পরিবর্তন

একযোগে পুলিশের ৬ কর্মকর্তার রদবদল, ডিআইজি পর্যায়েও পরিবর্তন
ছবি- অনলাইন হতে সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে একযোগে রদবদল আনা হয়েছে। ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ৬ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে দায়িত্ব দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে সিআইডিতে, ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরের টিআর পদে এবং টিআর পদে কর্মরত ডিআইজি মাহফুজুর রহমানকে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে জনস্বার্থে নতুন পদে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

দৈনিক ক্রাইম ডায়রি// আইন শৃংখলা