শিক্ষা মন্ত্রণালয় কোচিং সেন্টার ধীরে ধীরে বন্ধের পরিকল্পনা করছে: শিক্ষামন্ত্রী
আশিকুর রহমান মাহী:
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কোচিং সেন্টার যেন ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়েছে। এগুলোকে নিয়ম অনুযায়ী পরিচালিত করতে হবে এবং অবৈধ কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্ত করে শিক্ষকদের ব্যবস্থা নিতে হবে, যাতে ধাপে ধাপে কোচিং সেন্টার ১০০% বন্ধ করা যায়।
শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের পরীক্ষা কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সব শিক্ষককে প্রস্তুত হতে হবে এবং শিক্ষায় দুর্বল শিক্ষার্থীদের বিশেষ নজর দিতে হবে।
এছাড়া তিনি জোর দিয়ে বলেছেন, শিক্ষাক্ষেত্রে নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে এবং এখন থেকে কোনো নকল মেনে নেওয়া হবে না।
মতবিনিময় সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










