রায়পুরায় অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৪৮ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী):
নরসিংদীর রায়পুরা উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানে প্রতিষ্ঠানটিকে ৪৮ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।
বৃহস্পতিবার উপজেলার তুলাতুলী এলাকায় অবস্থিত সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টার-এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, প্রয়োজনীয় নিয়ম মেনে পরীক্ষাগারের রিএজেন্ট সংরক্ষণ করা হয়নি।
এছাড়া অনুমোদিত ও দক্ষ ল্যাব টেকনিশিয়ানের পরিবর্তে পরীক্ষা পরিচালনা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি এবং লাইসেন্স নবায়ন ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার মতো একাধিক অনিয়মের সত্যতা পাওয়া যায়।
এসব অপরাধের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের মালিক তাজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর প্রাসঙ্গিক ধারায় মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে সিলগালা করে দেয়। একই সঙ্গে আগামী ১৬ জুলাই ২০২৬-এর মধ্যে লাইসেন্স নবায়নসহ সব অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামাও গ্রহণ করা হয়েছে।
অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি দ্রুত তাদের কার্যক্রম বন্ধ করে দেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মোবাইল কোর্টে প্রসিকিউশন উপস্থাপন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, নরসিংদীর ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব এবং রায়পুরা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
অভিযান শেষে ইউএনও বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।
আইন লঙ্ঘন করে স্বাস্থ্যসেবা প্রদান কিংবা মানুষের জীবন নিয়ে বাণিজ্য করার সুযোগ নেই।
ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ক্রাইম ডায়রি // অভিযান










