চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ পদে বাংলাদেশ
ড. খলিলুর রহমানের বিজয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের নতুন অধ্যায়
ডেস্ক রিপোর্ট:
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকুরিসকে পরাজিত করে এক বছরের জন্য এ মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভ করেন।
মঙ্গলবার নিউইয়র্ক সময় সকালে শুরু হওয়া নির্বাচনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সরাসরি ভোটে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের কূটনীতিক আন্দ্রেয়াস এস. কাকুরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোট গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।
জাতিসংঘের প্রচলিত আঞ্চলিক আবর্তন নীতির আওতায় এবারের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত আসনে। সেই প্রক্রিয়ায় বাংলাদেশ ও সাইপ্রাস প্রার্থী মনোনয়ন দেয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রার্থী বিজয় অর্জন করেন।
এই বিজয়কে বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। প্রায় চার দশক পর আবারও সেই সম্মান অর্জন করল বাংলাদেশ।
আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এর পরিপ্রেক্ষিতে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক, যেখানে বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশগ্রহণ করবেন।
বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক অস্থিরতা, উন্নয়ন চ্যালেঞ্জ, জলবায়ু সংকট এবং বহুপাক্ষিক সহযোগিতার নতুন বাস্তবতার প্রেক্ষাপটে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদটি প্রতিবছর পরিবর্তিত হয় এবং আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্রের মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হয়। সদস্য রাষ্ট্রগুলোর প্রত্যেকের একটি করে ভোটের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










