না.গঞ্জে পার্লারের টয়লেটে নারী উদ্যোক্তার লাশ: স্বামীকে জিজ্ঞাসাবাদ
নারায়নগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় একটি বিউটি পার্লারের ভেতর থেকে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলের দিকে ‘পরী বিউটি পার্লার’ নামের ওই প্রতিষ্ঠানের টয়লেট কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারী কামরুন নাহার ইতি (৩০) পার্লারটির মালিক ছিলেন। তিনি এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে বসবাস করতেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে সদর মডেল থানায় নেওয়া হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইতি গত ২৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, ইতির স্বামী মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। নিখোঁজের বিষয়টি জানানো হলেও স্বামী এ বিষয়ে কোনো উদ্বেগ দেখাননি।
শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি বাড়ির মালিক ও পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পার্লারের তালাবদ্ধ দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, মরদেহটি অনেকদিন আগের হওয়ায় পচন ধরে ফুলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।
তিনি আরও জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। পার্লারের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
প্রাথমিক তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
দৈনিক ক্রাইম ডায়রি// জেলা-্ক্রাইম










