কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও প্রভাবশালী বাড়িওয়ালা পলাতক
ঘটনার পর থেকেই নিহতের স্বামী আব্দুল্লাহ(৩১) এবং ওই বাড়ির মালিক প্রভাবশালী মজিবর রহমান পলাতক রয়েছেন।
ফারুক আহমদ, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় মনি আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি দুপুরে এই ঘটনা ঘটলেও আজ পর্যন্ত কালিয়াকৈর থানা পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ তুলেছেন ভিকটিমের পরিবার। ঘটনার পর থেকেই নিহতের স্বামী আব্দুল্লাহ(৩১) এবং ওই বাড়ির মালিক প্রভাবশালী মজিবর রহমান পলাতক রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ২টার সময় আব্দুল্লাহ তার স্ত্রী মনি আক্তারকে 'ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে' বলে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক মনি আক্তারকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর ধরন দেখে চিকিৎসকের সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পুলিশের আসার খবর পেয়েই স্ত্রী মনি আক্তারের লাশ হাসপাতালের জরুরি বিভাগে ফেলে রেখে কৌশলে পালিয়ে যান স্বামী আব্দুল্লাহ।
সরেজমিনে গিয়ে জানা যায়, মজিবর রহমানের ওই বাসায় আব্দুল্লাহ ও মনি আক্তার ভাড়া থাকতেন। প্রতিবেশীদের দাবি, প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার দিন ছুটির দিন হওয়ায় বাড়িতে কেয়ারটেকার ও অন্য ভাড়াটিয়ারা উপস্থিত ছিলেন।
ভরদুপুরে রুমের দরজা খোলা থাকা অবস্থায় মনি আক্তারের এই মৃত্যু অত্যন্ত অস্বাভাবিক ও রহস্যজনক বলে মনে করছেন তারা। এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর থেকেই বাড়ির মালিক মজিবর রহমান এবং স্বামী আব্দুল্লাহর আত্মগোপন করা প্রমাণ করে যে এই মৃত্যুর পেছনে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে।
নিহতের বড় বোন জানান, আব্দুল্লাহ জুয়া ও মাদকে আসক্ত ছিলেন। তিনি প্রায়ই যৌতুকের টাকার জন্য মনি আক্তারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। মনি আক্তারের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অভিযোগ করেন, ঘটনার পর থেকে তারা কালিয়াকৈর থানায় বারবার মামলা দায়ের করতে গেলেও ওসি নাসির উদ্দিন মন্ডল নানা অজুহাতে মামলা নিচ্ছেন না।
নিহত মনি আক্তারের স্বজনদের অভিযোগ, বাড়ির মালিক মজিবর রহমান এলাকায় অত্যন্ত প্রভাবশালী। তার অর্থ ও ক্ষমতার প্রভাবে পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি ময়নাতদন্তের (পোস্টমর্টেম) রিপোর্ট বদলে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও তারা আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি ।
তবে অভিযুক্তরা পলাতক থাকা এবং পুলিশ মামলা নিতে দেরি করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সঠিক বিচার ও স্বচ্ছ তদন্তের দাবিতে ভিকটিমের পরিবার এখন আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
দৈনিক ক্রাইম ডায়রি// ক্রাইম










