নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিংমল বন্ধ
আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আশিকুর রহমান মাহী:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচনের আগের দিন ও ভোটের দিন—এই দুই দিন সারাদেশের সব ধরনের দোকান ও শপিংমল বন্ধ থাকবে।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সরকার ইতোমধ্যে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কারখানা ও শিল্প এলাকার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সরকারি ছুটির আওতায় থাকবে।
দৈনিক ক্রাইম ডায়রি// জাতীয়










