অবহেলার অভিযোগে প্রশাসনে আলোচনার ঝড়: দায়িত্ব থেকে প্রত্যাহার যুগ্ম সচিব

একজন মায়ের নিঃসঙ্গ মৃত্যু ঘিরে প্রশ্নের মুখে পারিবারিক দায়িত্ববোধ, প্রশাসনিক তদন্ত শুরু।

অবহেলার অভিযোগে প্রশাসনে আলোচনার ঝড়: দায়িত্ব থেকে প্রত্যাহার যুগ্ম সচিব
ছবি- অনলাইন হতে সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর এলাকায় এক বৃদ্ধা নারীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের করুণ মৃত্যুর ঘটনায় তার সন্তানদের দায়িত্বহীনতার অভিযোগ সামনে আসার পর সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোংলা বন্দর কর্তৃপক্ষে সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালনকারী যুগ্ম সচিব আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বুধবার এ সংক্রান্ত আদেশ কার্যকর হয়।
সরকারি সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া শুরু করেছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী সাংবাদিকদের জানান, দেশের প্রচলিত পিতা-মাতার ভরণপোষণ আইনের আলোকে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ সব ধরনের তথ্য-উপাত্ত যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বাসা থেকে দুর্গন্ধ বের হলে তারা জরুরি সেবা নম্বরে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাস্থলের পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। মরদেহ উদ্ধারের সময় সেটিতে পচন ধরার আলামত পাওয়া যায়। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।
পল্লবী থানা পুলিশ জানিয়েছে, নুরজাহান বেগম তার মেয়ের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। পরিবারের সদস্যদের মধ্যে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকও রয়েছেন।
এদিকে বৃদ্ধা মায়ের মৃত্যুকে ঘিরে পরিবারের দায়িত্ববোধ, প্রবীণদের নিরাপত্তা এবং সন্তানের নৈতিক কর্তব্য নিয়ে নতুন করে জনমত তৈরি হয়েছে। সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, প্রবীণ পিতা-মাতার প্রতি অবহেলা শুধু পারিবারিক নয়, এটি একটি সামাজিক সংকটও বটে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
দৈনিক ক্রাইম ডায়রি// ক্রাইম