ইয়াবা উদ্ধারের পর ছেড়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
হোসেন মিন্টু,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় মাদকবিরোধী চেকপোস্টে তল্লাশির সময় উদ্ধার করা বিপুল পরিমাণ ইয়াবা আত্মসাৎ এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (০৫/০১/২০২৬) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের নির্দেশে এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল-আমিন সরকার, এসআই মোহাম্মদ আমির হোসেন (বর্তমানে কোতোয়ালি থানায় কর্মরত), সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল আলম, মো. জিয়াউর রহমান, মো. সাদ্দাম হোসেন, এনামুল হক, কনস্টেবল মো. রাশেদুল হাসান ভূঁঞা এবং নারী কনস্টেবল উম্মে হাবিবা।
এ ছাড়া বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদর দপ্তরে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে শাহ আমানত সেতু এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় এক পুলিশ সদস্যের কাছ থেকে আনুমানিক ৮০ হাজার থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে উদ্ধারকৃত মাদক যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে আত্মসাৎ করা হয় এবং ইয়াবা বহনকারী ওই পুলিশ সদস্যকে ছেড়ে দেওয়া হয়, এমন অভিযোগ ওঠে।ঘটনাটি জানাজানি হলে পুলিশ সদর দপ্তরের নির্দেশে বিষয়টি তদন্তে আনা হয় এবং প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়।
দৈনিক ক্রাইম ডায়রি // ক্রাইম










