রাঙ্গামাটি সদর হাসপাতালে দুদকের অভিযান
রাঙ্গামাটি সংবাদদাতাঃ
সারাদেশে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন দুদকের রাঙ্গামাটি জেলার ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আগত রোগীদের সঙ্গে কথা বলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সেবার মান, সরবরাহকৃত ঔষধের প্রাপ্যতা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে।
পরবর্তীতে টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোররুম, ওষুধ বিতরণ ব্যবস্থা এবং রান্নাঘর সরেজমিনে পরিদর্শন করে।
উপস্থিত রোগী ও রোগীদের অ্যাটেন্ডেন্টদের সঙ্গে কথা বলে জানা যায় যে, প্রেসক্রিপশনে উল্লেখিত সব ওষুধ তারা পাচ্ছেন না।
পরিদর্শনকালে হাসপাতালের আশপাশে কয়েকটি দালাল চক্রের উপস্থিতির তথ্য পাওয়া যায়, যারা রোগীদের পার্শ্ববর্তী বেসরকারি ক্লিনিকে সরবরাহের সঙ্গে জড়িত মর্মে অভিযোগ রয়েছে।
এ সময় হাসপাতালের ওষুধের স্টক ও বিতরণ সংক্রান্ত রেজিস্টার সংগ্রহ করা হয়। এছাড়াও পরিদর্শনকালে দেখা যায়, রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান সন্তোষজনক নয়; বিশেষ করে মাংসের পরিমাণ কম এবং একই সঙ্গে দুপুর ও রাতের খাবার একসাথে রান্না করা হয়, যা স্বাস্থ্যসম্মত নয়।
বিভিন্ন ওয়ার্ডে সরবরাহকৃত বেডশিট অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এছাড়াও অভিযানকালে রোগীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সের লগবইও সংগ্রহ করা হয় বলে দুদক সুত্রে জানা গেছে।
দুদকের অভিযানিক টিম জানিয়েছে সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
দৈনিক ক্রাইম ডায়রি // আইন শৃঙ্খলা










