মানিকনগরে নারী ব্যাংকারের স্বর্ণালংকার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে

মানিকনগরে নারী ব্যাংকারের স্বর্ণালংকার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে
ছবি- অনলাইন হতে সংগৃহীত

হাতিম বাদশা:

রাজধানীর মানিকনগর এলাকায় এক নারী ব্যাংকারের বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য আদালত একদিন করে রিমান্ডে পাঠিয়েছেন।

রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন—ভুক্তভোগী ব্যাংকারের আত্মীয় সাদমান সাকিব সৌমিক এবং চোরাই স্বর্ণ কেনার অভিযোগে মায়মুনা জুয়েলার্সের স্বত্বাধিকারী সাদ্দাম হোসেন।

মুগদা থানার তদন্ত কর্মকর্তা এসআই কাইয়ুম বাহাদুর জানান, সোমবার অভিযুক্তদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হলে সংশ্লিষ্ট বিচারক প্রত্যেকের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যেকোনো এক সময় নারী ব্যাংকার তাজরীন খান আদ্রিতার বাসার আলমিরার ড্রয়ার থেকে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার গায়েব হয়ে যায়। চুরি হওয়া অলংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা। একই সঙ্গে নগদ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী প্রথমে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে তদন্তে নতুন তথ্য পাওয়ায় তিনি মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে তার আপন মামাতো ভাই সৌমিককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে একটি জুয়েলার্সের মালিককেও গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রিমান্ড শেষে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক ক্রাইম ডায়রি// ক্রাইম