শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো ২০২৬ সালের হজ, দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা
নিজস্ব প্রতিবেদক:
সুষ্ঠু ব্যবস্থাপনা, কার্যকর সমন্বয় এবং নিবিড় তদারকির মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে চলতি বছরের পবিত্র হজ। হজের প্রতিটি ধাপে ছিল শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, ফলে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পেরেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি।
তিন জামারাতে শয়তানকে প্রতীকী কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বাংলাদেশি হাজিদের দেশে ফেরা শুরু হয়েছে। শনিবার দিবাগত রাতে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইট বাংলাদেশ অভিমুখে যাত্রা করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম দিনেই একাধিক ফ্লাইটে কয়েক হাজার হাজি দেশে ফিরবেন।
চলতি বছরের হজ কার্যক্রমে বাংলাদেশ থেকে নিবন্ধিত সকল হজযাত্রী নির্ধারিত সময়ের মধ্যেই সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হয়েছেন। আবাসন, পরিবহন, তাঁবু বরাদ্দ এবং ভিসা প্রক্রিয়াসহ প্রয়োজনীয় প্রস্তুতি আগেভাগেই সম্পন্ন হওয়ায় যাত্রীদের যাত্রা ছিল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক।
হজ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার ফলে এবারের হজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকারি কর্মকর্তা, চিকিৎসক, প্রশাসনিক টিম এবং হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সকলেই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন।
তিনি আরও জানান, হজযাত্রীদের সেবায় বিভিন্ন সহায়ক উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে বিনামূল্যে লাগেজ র্যাপিং, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং আরাফা ও মিনায় হাজিদের জন্য বিশেষ খাদ্য ও পানীয় সরবরাহ উল্লেখযোগ্য।
আগামী বছরের হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে সরকার ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান ধর্মমন্ত্রী। বিশেষ করে কিছু প্যাকেজ ও বেসরকারি এজেন্সির কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি হজ ব্যয় কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, দক্ষ পরিকল্পনা ও সুশৃঙ্খল পরিবেশের কারণে এবারের হজ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
এদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশনের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার ফলেই এবারের হজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সরকার, সৌদি কর্তৃপক্ষ, এয়ারলাইন্স এবং হজ এজেন্সিগুলোর সহযোগিতায় হাজিরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে ধর্মীয় দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও উন্নত সেবার মাধ্যমে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা নতুন উচ্চতায় পৌঁছাবে।
দৈনিক ক্রাইম ডায়রি // জাতীয়










